শিক্ষাভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার মধ্যেই আবাসিক হল, অনুষদ ও বি
নিষেধাজ্ঞার মধ্যেই পদপ্রত্যাশীদের আবেদন আহ্বান ছাত্রদলের
শিক্ষাভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার মধ্যেই আবাসিক হল, অনুষদ ও বিভাগ কমিটিতে পদপ্রত্যাশীদের আবেদন আহ্বান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল। গত ১৮ জুলাই শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবেদন আহ্বান জানানো হয়। যা ৩১ জুলাই পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় শাবিপ্রবি ছাত্রদলের অন্তর্গত সব আবাসিক হল, অনুষদ এবং বিভাগ (ডিপার্টমেন্ট) সমূহের নতুন কমিটি গঠন করা হবে। উক্ত কমিটিসমূহে পদপ্রত্যাশী, ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন এবং সক্রিয় ছাত্র নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাকসু নির্বাচনকে সামনে রেখে ২০২৪ সালের ৬ নভেম্বর ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর সেই প্রজ্ঞাপন স্থগিত করা হয়।
এতে বলা হয়, ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক সকল রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে করা যাবে। রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও শর্ত ছিল, সব শিক্ষাভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে পূর্বের ন্যায় মিছিল-মিটিং নিষিদ্ধ থাকবে। তবে শাকসু নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক অনুষ্ঠান হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে করা যাবে। মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞার মধ্যেই জীবনবৃত্তান্ত আহ্বানের বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিবিধানে কোথাও হল, বিভাগ বা অনুষদ কমিটি গঠন বা ঘোষণার ওপর নিষেধাজ্ঞা নেই।
ইতোমধ্যে কাছে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। খুব শিগগিরই আবেদনকারীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে।’ আবাসিক হল ও শিক্ষাভবন কেন্দ্রীক কার্যক্রম পরিচালনা করা যাবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, ‘মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন আবাসিক হল বা শিক্ষাভবন কেন্দ্রীক উন্মুক্ত কোনো কার্যক্রম করতে পারবে না। কেউ যদি বাইরে থেকে কমিটি দেয় সেটিতো আমরা ঠেকাতে পারব না, তবে আবাসিক হলে তারা সংগঠিত হতে পারবে না।’ নিষেধাজ্ঞার পুনর্বিবেচনা করা হবে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, প্রশাসন যদি এ ধরনের সিদ্ধান্ত নেয় আমার দায়িত্ব হলো সেটি বাস্তবায়ন করা। আমি তো আইন পরিবর্তন করতে পারব না।
যতক্ষণ নিষেধাজ্ঞা থাকে এ ধরনের কার্যক্রম বন্ধই থাকবে, কেউ সেটি ভঙ্গ করলে নিশ্চয় আইন প্রয়োগ করা হবে। এসএইচ জাহিদ/এএইচ/জেআইএম





